জন্মদিনের হই হই করা সন্ধ্যা, বন্ধুদের শুভেচ্ছা আর কলরব......
তবু সবার মাঝে কোথাও মনে হয়...... বয়স টা বেড়ে গেলো।
মন টা একটু মিইয়ে যায়..........
কিন্তু কেন?
চারপাশ তো একই, সবুজ গাছ, নীল আকাশ, সোঁদা মাটির গন্ধ, আবেগ ভরা পূর্বরাগ বা মন ভাসানো প্রেম।
একই ভাবে তো এখনও সুন্দর লাগে,
একই ভাবে অনুভব থাকে, আমাদের সব ভালো লাগার ওপর।
শুধু মাত্র চুলের পক্বতা কি মনের চাহিদা বদলে দেয় নাকি?
বিশ্বাস করি না আমি।
মানুষ চিরকাল ই সবুজ,
আত্মা চিরকাল সজীব,
ওপরের আচ্ছাদন মানুষকে শুধু শেখায় সংযত হতে,
এক তরুণ যুবক বা যুবতী উছলে ওঠে প্রেমের তীরে, আর ভালোবাসার আগুনে নিজেকে দগ্ধ করে সুখ পায়,
হতে হয় না সংযমী।
এক মিষ্টি হ্রদে ভেসে যায় প্রেমাতুর দুটি মন, হাত ধরে, সারাক্ষণ,
হতে হয় না সংযমী তাদের।
একই ইচ্ছে কি আমাদেরও নেই?
লাল গোলাপ তো আজও কাছে টানে,
রজনীগন্ধা বা শিউলি ফুলের মাতোয়ারা মন আজও তো প্রিয়জনকে ভাবায়,
তবে কিসের বয়স আজ?
ওটা তো কেবল সংখ্যা মাত্র........
মন তো সেই যৌবনের নেশায় আজও একই ভাবে হৃদস্পন্দন বাড়ায়......…….