মন আজ আশ্রয়হীন

কালো আকাশ যখন মিশমিশে অন্ধকার আনে,
রাস্তায় পথ চলা হয় কঠিন,
আলো খুঁজি তখন আশেপাশে,
আজ মন টা বড্ড ফাঁকা লাগছে।
অন্ধকারের কালো রং যে এত গাঢ় হতে পারে, জানা ছিল না।
কাছের মানুষ দূরে গেলে, মন টা ফাঁকা হয় আর কালো মেঘে আচ্ছাদিত হয়,
কালো আকাশ তখন অপেক্ষা করে সূর্যোদয়ের .....
আজ ঘুম থেকে উঠে তোমার বার্তা পেয়ে আমি তলিয়ে গেলাম অন্ধকারে,
তুমি চলে যাবে ?
বিশ্বাস করতে হবে আমায়
এসেছিলে সেই সময়, যখন আমি দিশেহারা, বিষন্ন।।।
কোথা থেকে এসে আমায় তুলে নিলে এক ঝটকায়,
তোমার ভালোবাসার সেই স্পর্শ আমার মনের দুঃখ, কষ্ট, ব্যথা নিমেষে মুছিয়ে দিল।
হাত টা শক্ত করে ধরলাম,
আরো শক্ত করে ধরলে তুমি আমায়।
মনে হলো, আমি ধনী, ভাগ্যবতী,
প্রেম টা ভীষণ সহজ কিন্তু মনের ভাষা বোঝার মানুষ স্বল্প
আমি পেলাম তোমায়, এক মধুর ক্ষণে,
চোখের জল শুকিয়ে দিলে
প্রেমের তুলির টানে।
ভুলে গেছিলাম দুঃখ গুলো
হাসি ঠাট্টায় কত ছবি আঁকা হলো মনে।
বুঝিনি ওই ক্যানভাস তাও একদিন হবে রংহীন।
কেনো মনের মানুষ আসে কাছে, আর চলে যাবার অর্থই বা কি?
সুখ যদি স্বল্প স্থায়ী হয়, তাহলে এসে সুখের অভ্যাস টা শুধুই বাড়ায়।
তোমার চিন্তা, কথা, এক এক দিনের ভালোলাগা বেড়ে চললো।
কিভাবে আপনার হৃদয় ভরে নিল তোমার কোমল স্পর্শ
আমার লেখার জোর তো তুমিই,
কলমে কালি থাকলেও ভাষাহীন ছিলাম আমি।
ভরে দিলে সেই ভাষা , রঙ চেনালে আবার , কল্পনা আর আবেগ দিয়ে গড়লে আমার ভাঙ্গা মন।
তবে আজ কেন আবার আমায় ভাসিয়ে দিলে গভীর জলে, 
আমি সাঁতার জানি না তো, 
জানি তুমি সবসময় আছো, থাকবে, 
হয়ত দূরত্ব কোনোদিন মনকে হারাতে পারবে না।
কিন্তু বুক ফেটে যাচ্ছে ,
ছাড়তে পারব না।
ভগবানের কি অদ্ভুত খেলা,
সুখের প্রজাপতি উড়িয়ে দিল যেন কিছু সময়ের রঙ চেনাবার জন্য।
যেই চিনলাম, সে চলে গেল।
আমার সব প্রকাশ কবিতায়,
কিছু প্রকাশ সর্ব সমক্ষে হয় না।
বোঝার মানুষ নেই যে,
আমার কষ্ট শুধুই আমার।
তবে হাসবো আমি, তোমার শেখানো গুনে, 
পেয়েছি যা, ভোলাবে শুধু মৃত্যু।